সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে চুরির চেষ্টা,পরিবারের চিৎকারে পালাল দুর্বৃত্ত, ফেলে গেল মোবাইল ফোন—থানায় এজাহার

কুষ্টিয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সাংবাদিক আলাউদ্দীনের বসতবাড়িতে চুরির চেষ্টা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত। পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার শুরু করলে বাড়ির দেয়াল টপকে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। পালানোর সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড টাচ মোবাইল ফোন ঘটনাস্থলে পড়ে যায়। মোবাইলটি বর্তমানে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক আলাউদ্দীন।

গভীর রাতে পায়ের ছাপ, এরপরই হুড়োহুড়ি

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামে সাংবাদিক মো. আলাউদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে পরিবারের এক সদস্য প্রকৃতির ডাকে বাইরে বের হন। এ সময় বাড়ির স্টোররুমের দিকে মানুষের পায়ের ছাপ দেখতে পান তিনি।

বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে স্টোররুমের দিকে এগিয়ে যান। তখনই অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত দ্রুত বাড়ির দেয়াল টপকে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পালানোর সময় পড়ে গেল মোবাইল

এজাহারে উল্লেখ করা হয়েছে, বাড়ির দেয়াল টপকে পালানোর সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তির ব্যবহৃত একটি কালো রঙের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল ফোন পড়ে যায়। ফোনটিতে ০১৮২৩-৭৫২৪৭৫ নম্বরের সিম ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ হেফাজতে নেয়।

ভাতিজার বাড়িতেও একই রাতে চুরির চেষ্টা

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, একই রাত আনুমানিক ২টার দিকে সাংবাদিক আলাউদ্দীনের ভাতিজা মো. আব্দুর রশিদ, যিনি সৌদি প্রবাসী, তার বসতবাড়িতেও চুরির চেষ্টা করা হয়।

অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির বাইরের বারান্দার গ্রিল ধারালো অস্ত্র দিয়ে কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

একই রাতে কাছাকাছি সময়ে দুটি বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশের তদন্তে বেরিয়ে আসবে রহস্য

ঘটনার পর সাংবাদিক আলাউদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি পুলিশের হেফাজতে থাকায় এর মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হবে কি না, সেদিকেও নজর রয়েছে। একই রাতে দুই বাড়িতে চুরির চেষ্টার পেছনে একই চক্র জড়িত কি না, সেটিও তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনবে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।