শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নকশা লঙ্ঘনে রাজউকের রহস্যজনক নীরবতা! নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে পরিচালক রাজিয়া সুলতানা, ঘুষ বাণিজ্যের নানা কৌশলে জিম্মি সেবাগ্রহীতারা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নকশাবহির্ভূত ভবন, অগ্নিনিরাপত্তায় ঘাটতি, অনুমোদনহীন নির্মাণ—অভিযোগের পর অভিযোগ। কোথাও নয়তলার অনুমোদনে দশতলা ভবন, কোথাও পার্কিংয়ের জায়গায় গোডাউন ও দোকান। অথচ কার্যকর তদারকি নিয়ে উঠছে প্রশ্ন। রাজউক জোন-৮-এর পরিচালক (চলতি দায়িত্ব) রাজিয়া সুলতানাকে ঘিরেও বিদেশ ভ্রমণ, সম্পদ অর্জন, পদোন্নতি ও প্রশাসনিক প্রভাব বিস্তারের নানা অভিযোগ সামনে এসেছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জে রাজউকের তদারকি ও জবাবদিহি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। রাজিয়া সুলতানা। ফাইল ছবি

নারায়ণগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ ক্রমেই আলোচনায় আসছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৮-এর আওতাধীন বিভিন্ন এলাকায় একাধিক ভবনমালিকের বিরুদ্ধে এসব অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, বিশেষ সুবিধার বিনিময়ে অনিয়ম দেখেও না দেখার কৌশল অবলম্বন করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে অপরিকল্পিত নগরায়ণ ও জননিরাপত্তার ঝুঁকি বাড়ছে।

এদিকে রাজউক জোন-৮-এর পরিচালক (চলতি দায়িত্ব) রাজিয়া সুলতানাকে ঘিরেও একের পর এক অভিযোগ সামনে এসেছে। সরকারি চাকরির শুরুতে যথাযথ অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ, চাকরির পরীক্ষায় নিজের বোনকে অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা, অবৈধ সম্পদ অর্জন, পূর্বাচলে প্লট বরাদ্দ এবং পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

রাজউকের একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, জোন-৮-এ রাজিয়া সুলতানার প্রভাব ও কর্তৃত্ব এতটাই বিস্তৃত যে তাঁকে সংস্থাটির ‘একাই একশো’ ক্ষমতাবান কর্মকর্তা বলেও অভিহিত করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র সামনে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একই ধরনের অভিযোগ রয়েছে সেন্ট্রাল প্লাজার বিরুদ্ধেও। অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, ভবনটির গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গায় গোডাউন তৈরি করে দোকান ভাড়া দেওয়া হয়েছে। পাশাপাশি ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তাব্যবস্থা নেই বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া ভবনের মূল অংশ থেকে নির্ধারিত দূরত্বে রাস্তা রাখার বিধানও যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

শুধু ভবনের উচ্চতা কিংবা পার্কিংয়ের জায়গা দখলই নয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পানি সংরক্ষণ, ট্রান্সফরমার, জেনারেটর এবং বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের ক্ষেত্রেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা কেবল নির্মাণবিধি লঙ্ঘনের বিষয়েই সীমাবদ্ধ থাকবে না; বরং অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে ভবনের বাসিন্দা ও ব্যবহারকারীদের জীবননিরাপত্তা নিয়েও বড় ধরনের উদ্বেগ তৈরি করবে।

এ ছাড়া মালয়েশিয়া, দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে তাঁর একাধিকবার ভ্রমণের তথ্য উল্লেখ করেছেন কয়েকটি সূত্র। রাজউকের অভ্যন্তরেও তাঁর ধারাবাহিক বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, দেশের বাইরে রাজিয়া সুলতানার একাধিক ব্যবসায় বিনিয়োগ রয়েছে। তবে এসব বিনিয়োগের পক্ষে নির্ভরযোগ্য নথি কিংবা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ওই সূত্রের দাবি, তাঁর বিদেশ ভ্রমণসংক্রান্ত নথি পর্যালোচনা করলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

নগর পরিকল্পনাবিদদের মতে, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ভবন নির্মাণের অনুমোদন, নির্মাণকাজের ধারাবাহিক তদারকি এবং অগ্নিনিরাপত্তা বিধিমালার কার্যকর প্রয়োগ অপরিহার্য। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ ও শিল্পসমৃদ্ধ এলাকায় নির্মাণবিধি লঙ্ঘন এবং অগ্নিনিরাপত্তায় অবহেলা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি, রাজউকের জোন-৮-এর আওতাধীন ভবনগুলোর অনুমোদিত নকশা, নির্মাণের বর্তমান অবস্থা, অগ্নিনিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে ঘুষ লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সবচেয়ে বড় প্রশ্ন—যে সংস্থার দায়িত্ব নগরকে পরিকল্পিত ও নিরাপদ রাখা, সেই সংস্থার তদারকির আওতাধীন ভবনেই যদি নকশা লঙ্ঘন ও নিরাপত্তাহীনতার অভিযোগ ওঠে, তাহলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে কে? আর অভিযোগের পরও যদি কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠিত না হয়, তাহলে রাজউকের নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে না কেন?

এসব অনিয়মের অভিযোগ এবং স্বেচ্ছাচারিতার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে থাকছে পরবর্তী সংখ্যায়। চলবে………

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ