কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রধান ফটক ও সীমানা প্রাচীরের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। একইসঙ্গে শিক্ষার্থীদের ফি আদায়ে ডিজিটাল সুবিধা চালুর লক্ষ্যে সোনালী ব্যাংকের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক ও সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ তৌহিদ বিন-হাসান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিফাত ই মরিয়মের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে কাজ করছে প্রশাসন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ মনিরা আকতার এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মাহদী হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মুন্সী মোঃ নাহিয়ান সাদমান এবং গীতা পাঠ করেন স্বপ্নীল পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহা. নাজমুল হক, কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার শাহীন উদ্দিন, এনডিসি মেহেদী হাসান রিফাতসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এর আগে শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
