পটুয়াখালীর গলাচিপায় গভীর রাতের বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে গলাচিপা থানার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ শাকিল সরদার (১৯) এবং চিকনিকান্দি ইউনিয়নের মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫)।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গলাচিপা থানার এসআই মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টহল টিম এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রতনদী তালতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মিজানুর রহমান মিয়াজীর বসতঘরে জমজমাট মাদক কেনাবেচা চলছে।
খবর পাওয়ার পরপরই অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই বাড়িটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রোকেয়া বেগমের কাছ থেকে ৫০০ পিস এবং বাকি তিনজনের কাছ থেকে আরও ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা এই চক্রের আরও চার সহযোগীর নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধরতে ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার এবং পুরো মাদক চক্রের নেটওয়ার্ক শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
