শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর উন্নয়নে স্বল্প সময়েই এনেছি ৪০০ কোটি টাকার বরাদ্দ

পটুয়াখালী জেলা প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমান পটুয়াখালীকে নিজের জেলা মনে করেন, শিগগিরই আসবেন — এমপি আলতাফ হোসেন চৌধুরী। ফাইল ছবি সংগৃহীত

রাজনৈতিক উত্তাপ, উন্নয়নের প্রতিশ্রুতি আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল পটুয়াখালী ব্যায়ামাগার। সেখানে দাঁড়িয়ে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ঘোষণা দিলেন—বিএনপি সরকারের স্বল্প সময়েই পটুয়াখালীর উন্নয়নের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ এনেছি।

শনিবার (৯ মে) দুপুরে জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীকে নিজের জেলা মনে করেন তারেক রহমান।
হাজারো নেতাকর্মীর করতালি আর স্লোগানের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া পটুয়াখালীকে নিজেদের জেলা হিসেবে দেখতেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও পটুয়াখালীকে তার নিজ জেলা মনে করেন। আমি তাকে পটুয়াখালীতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসবেন।

তার এই বক্তব্যে সভাস্থলে সৃষ্টি হয় ব্যাপক উচ্ছ্বাস। নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে নতুন রাজনৈতিক উদ্দীপনা। তিনি আরও বলেন, আমি শুধু ভোটদাতাদের নয়, সবার এমপি। নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের প্রসঙ্গ টেনে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এক লাখ ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দায়বদ্ধ।

একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতার বার্তা দিয়ে তিনি বলেন, যারা আমাকে ভোট দেননি কিংবা বিরোধিতা করেছেন, আমিও তাদের এমপি। আওয়ামী লীগের মধ্যেও অনেক নিরীহ মানুষ আছেন। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে।

তবে দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা দুর্নীতি, সন্ত্রাস, দখল ও লুটপাট করেছে, তাদের জন্য আইন রয়েছে। উন্নয়নের চাল,গম ও অর্থ ভুয়া মাস্টার রোলের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এখন থেকে উন্নয়নের প্রতিটি বরাদ্দ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজে লাগাতে হবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
এমপির অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। সবাইকে শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের জন্য কাজ করতে হবে।

নেতাকর্মীদের ঢল, উত্তাল সভাস্থল-জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটু এবং কমলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মৃধা প্রমুখ।

হাসপাতাল পরিদর্শনে ক্ষোভ ও আশ্বাস-এর আগে
এমপি আলতাফ হোসেন চৌধুরী ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের নানা অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশনায়িকা খালেদা জিয়া ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করেছিলেন। কিন্তু বর্তমানে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। এগুলো অচিরেই সমাধান করে উপযুক্ত চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আপনারা একটু অপেক্ষা করুন।

তিনি আরও বলেন, রোগীরা কিছুটা ভোগান্তিতে থাকলেও অবহেলায় নেই। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, হাসপাতাল কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।