শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াত জোটের সাড়া

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

নাশকতা দমনে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্যের যে আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছে, তাতে প্রাথমিকভাবে সাড়া দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। ১১ দলীয় ঐক্য আশা প্রকাশ করে সরকার গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করার অবস্থান থেকে সরে আসবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠকের পর ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা জানান।

জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে এর আগে জোটের বৈঠক হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এ বৈঠক হয় বলে জানিয়েছে ১১ দল। বৈঠক শেষে জোট নেতারা বলেন, গত কয়েক দিনে বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো নাশকতা প্রতিরোধে আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সংসদ বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠকের বিষয়ে প্রশ্নে মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।

রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়েছে মামুনুল হক বলেন, জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না। পর্যায়ক্রমে দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে ১১ দল জুলাই সনদের বাস্তবায়নসহ সাত দফা থেকে সরে আসেননি। তবে এই মুহুর্তে পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশ রক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।

নাশকতা কঠোর হাতে দমনের দাবি জানিয়ে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রমে দেশ অস্থিরতা চলছে। মানুষ আতঙ্কিত। সরকারের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকারের পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা এ ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি দেখা দিয়েছে বলে অভিযোগ করে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গড়িমসি না করে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করলে আজকের পরিস্থিতি হতো না। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফতের মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমির আবদুল কাইয়ুম সুবহানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।