বসতবাড়ি থেকে স্থানীয়দের হাতে আটক এসআই, পরে পুলিশ লাইনে ক্লোজড। ছবি: সংগৃহীত
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে বাগেরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রাতে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে রোববার দুপুরে বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসতবাড়ি থেকে এসআই দ্বীপ মণ্ডলকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
জানা গেছে, এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বের সুবাদে ওই বাড়িতে তার যাওয়া-আসা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এসআই দ্বীপ মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকৃত ঘটনা কী এবং এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
