ছবি: সংগৃহীত
বরগুনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল থেকে শুরু হয়ে রাতভর জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়কের নিজ বাসা থেকে আরাফাত রহমান অভি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১০ পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এর আগে রাত পৌনে ৮টার দিকে বামনা উপজেলার বামনা-ডৌয়াতলা সড়কে অভিযান চালিয়ে ইয়াছিন মৃধা (২৮) ও আবু সালেহ মুন্সি (২৮) নামে দুইজনকে আটক করে বামনা থানা পুলিশ। তাদের কাছ থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিমাখাল ইউনিয়নের উত্তর হালতা গ্রামের বাসিন্দা।
একই উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়ির সামনে থেকে ড্যানিয়েল খান ওরফে রাসেল খান (৪৮) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বামনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, রবিবার ভোররাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আমতলী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া শনিবার বিকেলে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকা থেকে সরোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ৪০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধেও বরগুনা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
