বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুলও।
শনিবার বার কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে প্রকাশ করা হয় আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল প্রকাশের পর তা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এদিকে নিজের সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন জাইমা রহমান। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষায় দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অংশ নেন হাজারো আইন স্নাতক।
বার কাউন্সিল সূত্রে জানা যায়, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। বাংলাদেশে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য পরীক্ষার্থীদের তিন ধাপ—নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
আইন পেশায় প্রবেশের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় জাইমা রহমান ও আদিবা রুহুলের উত্তীর্ণ হওয়া নতুন করে আলোচনায় এসেছে। এখন তাদের সামনে রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ ধাপ—লিখিত ও মৌখিক পরীক্ষা, যা সফলভাবে সম্পন্ন করলেই মিলবে আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিসের সুযোগ।
