রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

পাবনা প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খেলতে গিয়ে ভিমরুলের বাসায় পাটখড়ির খোঁচা, মুহূর্তেই ঝাঁকে ঝাঁকে আক্রমণ। ভিমরুলের চাক। ফাইল ছবি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছিল তারা।

মৃত দুই শিশু হলো—আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মজিবর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ওই দুই শিশু খেলতে বের হয়। একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে তাতে খোঁচা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভিমরুলের দল শিশু দুটিকে ঝাঁকে ঝাঁকে কামড়াতে থাকে। গুরুতর আহত হয়ে পড়ে তারা।

শিশু দুটির চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে দুই শিশুর মৃত্যু হয়।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে গয়েশবাড়ি এলাকাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।