শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনোমালিন্য ভুলে আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে একাট্টা বিএনপি

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

বহিষ্কৃত ও নিষ্ক্রিয় নেতাকর্মীরাও মাঠে, নৈরাজ্য-নাশকতা মোকাবিলায় দলীয় ঐক্যের বার্তা; ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘিরে প্রস্তুতি

মনোমালিন্য, অভিমান ও সাংগঠনিক দূরত্ব ভুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় রাজপথে একাট্টা হয়েছে বিএনপি। আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদের পাশাপাশি দল থেকে বহিষ্কৃত নেতাদেরও রাজপথের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। রাজনৈতিক বিরোধ ও মান-অভিমান ছাপিয়ে দলীয় ঐক্যের এমন দৃশ্য বিএনপির সাংগঠনিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির প্রধান তারেক রহমান সবাইকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়। দলীয় প্রধানের এই বার্তার পর নিজেদের মতভেদ ভুলে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় হন।

বহিষ্কৃত নেতারাও মাঠে

গত নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের কাউকে কাউকে বৃহস্পতিবারের কর্মসূচিতে দেখা গেছে। তাঁদের মধ্যে ঢাকা-১২ আসনের গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় ধরনের শোডাউন করেন।

গতকাল সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে তাঁর নেতৃত্বে মিছিল শুরু হয়। হোটেল সোনারগাঁও সিগন্যাল ও বাংলামটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়। দলীয় বিরোধ ও বহিষ্কারের অবস্থান ছাপিয়ে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় রাজপথে তাঁর উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে এখনও দলীয় কোনো পদে রাখা হয়নি। মান-অভিমান ভুলে তিনিও আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল বের করেন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ, বাংলামটর ও মগবাজার হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

নাশকতা ঠেকাতে জনসম্পৃক্ততার কৌশল

গত কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দেশের জননিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বিএনপি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে জনসম্পৃক্ততার মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা করতে চায় বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে জনমত গঠন এবং দলটিকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তুলতে জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা রাস্তাঘাট, হাটবাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের কাছে যাবেন। আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ জন্য দলের শীর্ষ পর্যায় থেকে সব নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ দেশে নেই, তাদের নেত্রীও নেই। বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা ঘটছে, এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার এসব দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করলেও ফ্যাসিবাদী কায়দায় মানুষ হত্যা কিংবা ধ্বংসযজ্ঞের মাধ্যমে পরিস্থিতির সমাধান করতে চায় না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।

পুরোনো কায়দায় ক্ষমতায় ফেরার চেষ্টা, অভিযোগ রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকাকালে গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

ডিসেম্বরজুড়ে দলীয় কর্মসূচি, এমপিদের এলাকায় থাকার নির্দেশনা দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরেও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে বিএনপি। এ পরিস্থিতি সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজন ছাড়া ঢাকায় অবস্থান না করে নিজ নিজ এলাকায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজয়ের মাসজুড়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন এবং সাংগঠনিক তৎপরতা জোরদারের বার্তাও দেওয়া হয়েছে।

ডিসেম্বর মাসে জাতীয় ও দলীয় চারটি গুরুত্বপূর্ণ দিবস ঘিরে কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বিএনপির প্রধান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ৩০ ডিসেম্বর দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী রয়েছে।

এসব দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে। দলীয় ঐক্য ধরে রেখে রাজপথের কর্মসূচি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর মধ্য দিয়ে ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে দলটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।