৩ কেজি মসলার ঘোষণায় ৩০ কেজি শিশা ও বিপুল ফুড সাপ্লিমেন্ট খালাসের অভিযোগ। কাস্টমসের পরীক্ষণ ও শুল্কায়ন প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি। ফাইল ছবি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সাম্প্রতিক এক অভিযানে হংকং থেকে মসলা আমদানির আড়ালে অবৈধ মাদকদ্রব্য ‘শিশা’ আমদানির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযানে উদ্ধার হয়েছে ৩০ কেজি বিদেশি শিশা। এ ঘটনা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও কাস্টমস ব্যবস্থাপনার নজরদারি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ চালানের কাগজপত্র, পরীক্ষণ ও শুল্কায়ন প্রক্রিয়া ঘিরে আরও গুরুতর কিছু অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তির ঢাকা কাস্টম হাউসের এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি) সাইফুর রহমান এবং শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসানের দিকে। একই সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খানের দৃশ্যমান পদক্ষেপ না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে।
আমদানি বাণিজ্যে কাস্টমস কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব হলো পণ্যের সঠিক ঘোষণা, এইচএস কোড, কায়িক পরীক্ষণ এবং যথাযথ শুল্কায়ন নিশ্চিত করা। কিন্তু অভিযোগ উঠেছে, ডিসি সাইফুর রহমানের নেতৃত্বাধীন এয়ারফ্রেইট ইউনিটে এসব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর প্রমাণ হিসেবে সামনে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান Trust Global Trading এবং সিঅ্যান্ডএফ এজেন্ট MM Traders-এর মাধ্যমে বিল অব এন্ট্রি নম্বর 1039172-এ দাখিল করা একটি চালানের তথ্য।
অভিযোগ অনুযায়ী, চালানটিতে মাত্র ৩ কেজি মসলা আমদানির ঘোষণা দেওয়া হলেও এর আড়ালে অত্যন্ত সুকৌশলে বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘Al Fakher’-এর ৩০ কেজি বিদেশি শিশা এবং ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া বিপুল পরিমাণ ফুড সাপ্লিমেন্ট আমদানি করা হয়। অথচ বিস্ময়করভাবে ওই চালানের কায়িক পরীক্ষণ প্রতিবেদনে মসলার জন্য কোনো ধরনের কেমিক্যাল টেস্ট বা পরীক্ষণের সুপারিশ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিসি সাইফুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, কাস্টমসের প্রচলিত পরীক্ষণ প্রক্রিয়া অনুযায়ী পাউডারজাতীয় উপাদানের ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই চালানটির শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া সম্পন্ন হতে দেন। এ ঘটনায় আর্থিক লেনদেন বা উৎকোচ গ্রহণের অভিযোগও উঠেছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, আধুনিক স্ক্যানিং প্রযুক্তি, কায়িক পরীক্ষণ এবং গোয়েন্দা নজরদারির ব্যবস্থা থাকার পরও কীভাবে এমন একটি চালান সংশ্লিষ্ট প্রক্রিয়া অতিক্রম করল?
কমিশনারের নীরবতা নিয়ে প্রশ্ন
এত বড় একটি চালান ঘিরে অনিয়মের অভিযোগ সামনে আসার পরও ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খানের পক্ষ থেকে দৃশ্যমান বিভাগীয় বা আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং কাস্টমসের অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগেও কুরিয়ার ইউনিটের দায়িত্বে থাকা এক কর্মকর্তার বিরুদ্ধে ৭৬ হাজার টাকা মূল্যের পণ্যচালান মাত্র ৩৫ হাজার টাকায় খালাস করে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, ওই ঘটনাতেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব ঘটনায় কমিশনারের তদারকি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া ঢাকা কাস্টম হাউসে নিয়মতান্ত্রিক শুল্ক আদায়ের পরিবর্তে পণ্যের ওজন ও উৎপত্তির দেশের ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের অর্থ বরাদ্দ বা লেনদেনের মাধ্যমে চালান খালাসের একটি অনিয়মতান্ত্রিক ব্যবস্থা চালু থাকার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, ফ্রেইট ও প্রিভেনটিভসহ বিভিন্ন পর্যায়ে এ ধরনের লেনদেনের অভিযোগ থাকলেও তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। এ ক্ষেত্রে ডিসি সাইফুর রহমান ও এসি নাজমুল হাসানের প্রভাব ও ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
সিঅ্যান্ডএফ এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডারদের ভূমিকা কী?
শুধু কাস্টমস কর্মকর্তাদের ভূমিকা নয়, এ চালান আমদানি ও খালাসের সঙ্গে যুক্ত অন্যান্য পক্ষের দায়িত্বও খতিয়ে দেখা জরুরি। সিঅ্যান্ডএফ এজেন্ট MM Traders চালানের কাগজপত্র যাচাই না করেই স্বাক্ষর করেছে, নাকি পণ্যের প্রকৃত বিবরণ জেনেও প্রক্রিয়ায় সহযোগিতা করেছে—তা তদন্তের দাবি রাখে।
একইভাবে হংকং থেকে পণ্য জাহাজীকরণ, কার্গো হ্যান্ডলিং ও পরিবহনের সঙ্গে যুক্ত ফ্রেইট ফরোয়ার্ডারদের ভূমিকা এবং চালানের প্রকৃত পণ্য সম্পর্কে তাদের কাছে কী তথ্য ছিল, সেটিও অনুসন্ধান করা প্রয়োজন। পুরো সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপ খতিয়ে দেখা না হলে এ ধরনের অনিয়মের প্রকৃত চিত্র সামনে আসবে না।
এদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডিসি সাইফুর রহমান ও এসি নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নিরপেক্ষ তদন্তের দাবি
মসলার ঘোষণার আড়ালে ৩০ কেজি বিদেশি শিশা আমদানির এ ঘটনা শুধু একটি চালানের অনিয়মের অভিযোগ নয়; এটি কাস্টমসের পরীক্ষণ, শুল্কায়ন, নজরদারি ও জবাবদিহি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।
কীভাবে মাত্র ৩ কেজি মসলার ঘোষণায় ৩০ কেজি শিশা ও বিপুল পরিমাণ ফুড সাপ্লিমেন্টের চালান খালাসের পর্যায়ে পৌঁছাল, কারা পরীক্ষণ ও শুল্কায়নের দায়িত্বে ছিলেন, কোনো পর্যায়ে অনিয়ম হয়েছে কি না এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা কী ছিল—এসব বিষয় নথিপত্র, পরীক্ষণ প্রতিবেদন ও চালান-সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন।
জাতীয় নিরাপত্তা, রাজস্ব সুরক্ষা এবং কাস্টমস ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে ডিসি সাইফুর রহমান, এসি নাজমুল হাসান, কমিশনার রইচ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা নিয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চালান প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
