মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ‘আল্লাহকে ডাকছিলাম, আর ভাবছিলাম বেঁচে থাকব তো’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে চারজন; একজন লাইফ সাপোর্টে, হাসপাতালের করিডরে স্বজনদের আহাজারি। সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। ছবি-সংগৃহীত

আগুন লাগার পরই বিদ্যুৎ চলে যায়। ঘরভর্তি প্রচণ্ড ধোঁয়া। নাক-মুখ দিয়ে ধোঁয়া ঢুকছিল, খুব কাশি হচ্ছিল। দম বন্ধ হয়ে আসছিল। অন্ধকারে কী করব, কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল, বেঁচে থাকব তো! শুধু কালেমা শাহাদাত পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম। বলছিলাম, আল্লাহ আমাদের রক্ষা করো, আগুন থেকে বাঁচাও।’

মৃত্যুভয় আর বেঁচে ফেরার আকুতি নিয়ে সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সেই রাতের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করছিলেন শিক্ষার্থী মোহাম্মদ যোবায়ের।

মাদ্রাসার তিনতলায় থাকতেন তিনি। আগুনের লেলিহান শিখা আর চারদিকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার মধ্যে প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু নিচে নামার সময়ও দম বন্ধ হয়ে আসছিল তাঁর। অনেক কষ্টে ভবন থেকে বের হতে সক্ষম হন। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই শিক্ষার্থী আশঙ্কামুক্ত।

তবে যোবায়েরের মতো প্রাণে বেঁচে ফিরলেও ভয়াবহ সেই রাতের আতঙ্ক কাটেনি অন্য শিক্ষার্থীদের। কেউ আইসিইউতে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন, কেউ হাসপাতালের বিছানায় শ্বাসকষ্টে কাতরাচ্ছেন। আর হাসপাতালের বাইরে উদ্বেগ-উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত পার করছেন স্বজনেরা। সন্তানের মুখে অক্সিজেনের মাস্ক দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কোনো মা। ছেলের সুস্থতার অপেক্ষায় হাসপাতালের করিডরে নির্বাক দাঁড়িয়ে আছেন কোনো বাবা।

সোমবার গভীর রাতে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আবাসিকভাবে থাকতেন প্রায় আড়াইশ শিক্ষার্থী। অগ্নিকাণ্ডে কেউ দগ্ধ না হলেও মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। এতে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা। রাতেই ৭৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের কারও শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে আসা ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৬৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। চারজনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৯ জন শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। কারও শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে সবাই কমবেশি ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় শ্বাসনালির ক্ষতিতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজনের শ্বাস-প্রশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

আইসিইউতে চিকিৎসাধীন চার শিক্ষার্থী হলেন—খায়রুল ইসলাম, মো. ইউসুফ, জুবায়ের ও আজিজুল হক সিয়াম।

আইসিইউর সামনে বাবার অপেক্ষা, মায়ের চোখে অশ্রু

মঙ্গলবার বেলা ১২টার দিকে আইসিইউর সামনে দেখা যায়, জুবায়েরের বাবা হারুন পাঠান মলিন মুখে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে আছেন। কুমিল্লার মুরাদনগর থেকে ছেলের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন তিনি। একদিকে সন্তানের জীবন নিয়ে উৎকণ্ঠা, অন্যদিকে সেই রাতের শেষ ফোনালাপের স্মৃতি—সব মিলিয়ে ভেঙে পড়েছেন এই বাবা।

কাঁদো কাঁদো কণ্ঠে হারুন পাঠান বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে ছেলের সঙ্গে ফোনে কথা হয়। জুবায়ের বলেছিল, আব্বু মাদ্রাসায় টাকা লাগবে, দ্রুত টাকা পাঠিও। আমি কেমন আছি, সেটাও জিজ্ঞাসা করেছিল আমার ছেলে। আর এখন ছেলেটা আইসিইউর বেডে।’

আইসিইউর সামনের অপেক্ষমাণ কক্ষে বসে কাঁদছিলেন ১৪ বছর বয়সী শিক্ষার্থী আজিজুল হক সিয়ামের মা সোনিয়া আক্তার। ধোঁয়ায় তাঁর ছেলের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্তানের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সোনিয়া আক্তার বলেন, ‘আমার ছেলেটা এখন আইসিইউতে শুয়ে আছে। দুবার দেখে এসেছি। ছেলের মুখে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। বাইরে বসে দোয়া করা ছাড়া আমার আর কোনো পথ নেই। আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমার ছেলেকে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দেন।’

তিনি জানান, মাদ্রাসার পাশেই তাঁদের বাড়ি। রাতে আগুন লাগার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর। এরপর দ্রুত মাদ্রাসায় ছুটে যান। সিয়ামের বাবা সৌদি আরবপ্রবাসী। বিদেশে বসেই ছেলের শারীরিক অবস্থার খবর জানতে বারবার ফোন করছেন। সিয়াম তাঁদের একমাত্র সন্তান। কোরআনের হাফেজ বানানোর আশায় তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল।

আহতদের বিনামূল্যে চিকিৎসা, গঠন করা হয়েছে দুটি মেডিকেল বোর্ড

এদিকে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান। এ সময় তিনি আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হয়েছে উল্লেখ করে এম এ মুহিত বলেন, তাঁদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং শ্বাসনালিতেও আঘাত লেগেছে। ভয়ে ছোটাছুটি ও মানসিক আঘাতের কারণেও তাঁরা অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসার ভবনটি হয়তো মাদ্রাসা হিসেবে ব্যবহারের জন্য নকশা করা কোনো স্থাপনা নয়। একটি বাসাবাড়ি বা এ ধরনের ভবনকে মাদ্রাসা হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে ভবন নির্মাণের বিধিবিধান এবং সংশ্লিষ্ট নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

যেভাবে ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক

মাদ্রাসা সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরিতে আগুন লাগে। এতে লাইব্রেরির সবকিছু পুড়ে যায়। আগুনের পাশাপাশি দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। এ সময় ঘুমন্ত শিক্ষার্থীরা বাইরে থেকে ‘আগুন, আগুন’ চিৎকার শুনে জেগে ওঠে। মুহূর্তেই আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে তারা।

ভবনটির দুটি সিঁড়ির মধ্যে দ্বিতীয় তলার একটি সিঁড়িতে আগুনের তীব্র তাপ থাকায় শিক্ষার্থীরা সেটি দিয়ে নিচে নামতে পারছিল না। অনেকে বিকল্প সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এরই মধ্যে বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।

মাদ্রাসার তিনতলায় ঘুমিয়ে থাকা ২০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ সমকালকে বলেন, ‘আমিসহ তিনতলায় অন্তত ৭০ জন ছাত্র ঘুমিয়ে ছিলাম। চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম ভাঙার পর দেখি বিদ্যুৎ নেই। চারদিকে অন্ধকার, ঘরের মধ্যে ধোঁয়া। লাইব্রেরির পাশের সিঁড়ি দিয়ে তিনবার নামার চেষ্টা করি। কিন্তু দোতলার সিঁড়িতে আগুনের প্রচণ্ড তাপ থাকায় নামতে না পেরে ঘরে ফিরে আসি। পরে পশ্চিম পাশের সিঁড়ি দিয়ে নেমে যাই। এরই মধ্যে ধোঁয়ায় আমিসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ি।’

আহত আরেক শিক্ষার্থী আহমাদ ইয়ামীন (১৬) জানান, রাতে তিনি চতুর্থ তলায় ঘুমিয়ে ছিলেন। একই তলায় অন্তত ১০০ শিক্ষার্থী ছিলেন। চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে পাশের সহপাঠীদের ডেকে তোলেন তিনি। একপর্যায়ে সবাই জেগে ওঠেন।

ইয়ামীন বলেন, ‘মুহূর্তের মধ্যে ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল। ঘর অন্ধকার হয়ে যায়। অনেকের কাশি শুরু হয়। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই আল্লাহ, আল্লাহ করছিল। চারতলা থেকে দুই ধাপে ছাত্ররা নিচে নেমে যায়। আমি দ্বিতীয় ধাপে নামি। তখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।’

স্বজনদের একটাই প্রার্থনা—সুস্থ হয়ে ফিরুক সন্তানেরা

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও ঘন ধোঁয়ার কারণে ৭৯ শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজনকে রাখতে হয়েছে মেকানিক্যাল ভেন্টিলেটরে।

একটি রাতের আগুন কেড়ে নিয়েছে শিক্ষার্থীদের স্বাভাবিক ঘুম, তৈরি করেছে দীর্ঘস্থায়ী আতঙ্ক। হাসপাতালের আইসিইউ, অপেক্ষমাণ কক্ষ আর করিডরে এখন স্বজনদের উৎকণ্ঠা, কান্না ও প্রার্থনা। সবার একটাই প্রত্যাশা—দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায় কিংবা পরিবারের বুকে ফিরে আসুক তাঁদের সন্তানেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।