দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক
ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী আইনজীবী ও মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (দুপুর ১২টার দিকে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা সমিতি ঘর এলাকায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ অন্তত দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন—ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকার বাসিন্দা অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৩) এবং তার মেয়ে খোশনূর জান্নাত (১৩)। এছাড়া প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষ যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মনতলা এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে সড়কে পড়ে থাকে। ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত তামান্না মুনতাকিন রিয়া (২৬) এবং অটোরিকশাচালক সোহেল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
