ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মোঃ হাসিবুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-৩। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস দল মাদকবিরোধী এ অভিযান চালায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবির আভিযানিক দল। এ সময় ৭ কেজি গাঁজাসহ হাসিবুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসিবুল ইসলাম (৪৬) নওপাড়া (ক্লাবপাড়া) এলাকার মৃত হাবিবুর ইসলাম ও মোছা. রোজিফা খাতুনের ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
