বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন। ফাইল ছবি সংগৃহীত
সাহিত্য, সংস্কৃতি আর রবীন্দ্রসুরের আবেশে এক অনন্য উৎসবমুখর পরিবেশে কুমিল্লার চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী। আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্যের বর্ণিল আয়োজনে প্রাণ ফিরে পায় উপজেলা পরিষদ মিলনায়তন।
উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শুক্রবার (৮ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ নুরুল আমিন। উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিচালক মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহীন আলম এবং হিঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম জাকারিয়া।
অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ আলোচনা সভায় বক্তারা বিশ্বকবির সাহিত্য, দর্শন, মানবতা ও বাঙালি সংস্কৃতিতে তার অসামান্য অবদানের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, যুগে যুগে রবীন্দ্রনাথের সৃষ্টি মানুষকে ভালোবাসা, মানবিকতা ও সৌন্দর্যের পথ দেখিয়ে যাচ্ছে।
আলোচনা শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যের ছন্দে পুরো মিলনায়তন যেন পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আসরে।
দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আরও প্রাণচাঞ্চল্ ও আনন্দ মূখর।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার শহরের চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ শাহীন আলম, দৈনিক ময়নামতি পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি ইমাম হোসেন শরীফ, সাংবাদিক আবদুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
