রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ফের যুবদলের ১৮ নেতার পদত্যাগ, কমিটি ঘিরে ‘টাকা-বিতর্কে’ উত্তাল কুশাখালী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এক মাসের ব্যবধানে দু’বার কমিটি ঘোষণা, প্রথম কমিটি নিয়ে ১৬ নেতার পদত্যাগ ও কেন্দ্র থেকে তা বিলুপ্ত করার পর এবার নতুন কমিটিতেও দেখা দিয়েছে একই ধরনের সংকট। সর্বশেষ ঘোষিত কমিটির ১৮ নেতাই পদত্যাগ করেছেন।

তাদের অভিযোগ, নতুন কমিটিতেও টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের কর্মীসহ বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি।

পদত্যাগকারীদের তালিকা। ছবি: সংগৃহীত

শনিবার (২৯ আগস্ট) চন্দ্রগঞ্জ থানা যুবদলের শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন পদত্যাগকারী নেতারা।

দলীয় সূত্র জানায়, গত ২৩ আগস্ট কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রফিক উল্যাকে আহ্বায়ক ও মাসুদুর রহমান মাসুদকে সদস্য সচিব করা হয়। আবদুর রশিদসহ ১২ জনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, যুগ্ম আহ্বায়ক এম আবদুল খালেক ও সদস্য সচিব আবদুল মুকিত সোহেল কমিটিটির অনুমোদন দেন।

কিন্তু কমিটি ঘোষণার পরপরই শুরু হয় নতুন করে অসন্তোষ। টাকার বিনিময়ে পদ বণ্টন এবং আওয়ামী লীগের কর্মীসহ বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ, মো. জাহাঙ্গীর, এমরান হোসেন, রাজু হোসেন, খুরশিদ আলম, দিদারুল আলম, আজিম উদ্দিন বাবলুসহ ১৮ নেতা পদত্যাগ করেন।

এক মাসে দুই কমিটি, দু’বারই পদত্যাগ

দলীয় সূত্র আরও জানায়, এর আগে গত ২৬ জুলাই কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে আবদুর রশিদকে আহ্বায়ক ও মাসুদুর রহমান মাসুদকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পর টাকার বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি গঠন এবং প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগ তুলে যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদসহ ১৬ নেতা পদত্যাগ করেন। তখন অভিযোগ ওঠে, কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বিদেশ থেকে এসে কমিটি নিয়েছেন।

পরপর এসব অভিযোগ ও পদত্যাগের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে মাত্র দুই দিনের মাথায়, ২৮ জুলাই কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত করা হয়।

পদত্যাগ করা নেতাই এবার আহ্বায়ক!

প্রথম কমিটি ঘিরে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি ছিল অর্থ লেনদেন। তখন পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক রফিক উল্যা অভিযোগ করেছিলেন, তাকে আহ্বায়ক করার কথা বলে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের নেতারা তার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন। এ অভিযোগের কারণেই তিনি পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছিলেন।

তবে এবার সেই রফিক উল্যাই কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন। আর নতুন কমিটি ঘোষণার পর আবারও ১৮ নেতার পদত্যাগের ঘটনায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

যে বেশি টাকা দিতে পারে, তাকেই পদ দেওয়া হয়’

যুবদলকর্মী ফারুক হোসেন ও ইমন বলেন, “আমাদের ইউনিয়নে যুবদল নিয়ে বিতর্কের শেষ নেই। যে বেশি টাকা দিতে পারে, তাকেই পদ দেওয়া হয়। কমিটি ঘোষণা, পদত্যাগ, বিলুপ্তির পর আবার নাটকীয়ভাবে নতুন কমিটি হয়েছে। এ অবস্থায় আমরা বিভ্রান্তিতে আছি।

তাদের অভিযোগ, বারবার কমিটি পরিবর্তন ও পদত্যাগের কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

যা বলছেন থানা যুবদলের আহ্বায়ক

তবে টাকার বিনিময়ে কমিটি করার অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা।

তিনি বলেন, নতুন কমিটির যারা পদত্যাগ করেছেন, তাদের নিয়ে আমরা বসব। মূলত সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দ্বন্দ্বের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। টাকার বিনিময়ে কমিটি করার অভিযোগ সত্য নয়।

এক মাসে দুই দফা কমিটি ঘোষণা, পদত্যাগ ও কমিটি বিলুপ্তির পর এবারও ১৮ নেতার পদত্যাগ—সব মিলিয়ে কুশাখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। নতুন কমিটি টিকবে, নাকি আবারও ভাঙনের মুখে পড়বে, এখন সেটিই দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।