বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’—বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

ভোলা জেলা প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের আমলে ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ ছিল না, দাবি হাফিজ উদ্দিন আহমদের; নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ।ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের ভালো ও গ্রহণযোগ্য মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। ওই সরকারের কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই তিনি এমন মন্তব্য করেছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী রাজনীতির সেই অবস্থার অবসান হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তা নেওয়া হয়নি। দেশের নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশনকে একটি কার্যকর পদ্ধতি নির্ধারণের পরামর্শ দেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন স্পিকার। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত দেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনেও নিরপেক্ষতার প্রত্যাশা

স্পিকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের ওপর নিজের আস্থার কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে।

ভোলার গ্যাসসম্পদে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা

দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, আপাতদৃষ্টিতে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ইতোমধ্যে ভোলায় পাওয়া যাচ্ছে। তাঁর আশা, জেলায় আরও বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে।

ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। এ বিষয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ বিকল্প ভোলাতেই রয়েছে বলে মন্তব্য করেন স্পিকার।

তিনি আরও বলেন, ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়কালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর ও ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।