শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার সীমান্তে উত্তেজনা: ১৭ জনকে পুশইনের চেষ্টা, মুখোমুখি অবস্থানে বিজিবি-বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

পুশইনের চেষ্টার ঘটনায় সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ।অনুপ্রবেশ ঠেকালো বিজিবি, সাপাহার সীমান্তে নজিরবিহীন সতর্কতা। ছবি সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতের আঁধারে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১৭ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি; মুখোমুখি অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করে আনা নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলারসংলগ্ন চকচকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। অন্ধকারে বোরো ধানক্ষেত পেরিয়ে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে তারা শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহনী এলাকায় এসে অবস্থান নেয়।

সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জন

ভোরের আলো ফুটতেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিজিবি সদস্যরা। ১৭ জনকে আটক করে সীমান্তের শূন্যরেখায় নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিএসএফ সদস্যরা এবং পুশব্যাক প্রক্রিয়ায় বাধা দেয়। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা একই ব্যক্তিদের আবারও বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাঁপানিয়া বিওপির বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের সেই চেষ্টাও নস্যাৎ করে দেয়।

বর্তমানে শিশুসহ ১৭ জন ব্যক্তি দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ১৭ জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।”

এদিকে সীমান্ত পরিস্থিতি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।