কুমিল্লার লালমাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় ধারালো অস্ত্র তৈরির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে এসআরবি। এ সময় দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসার পর যাচাই-বাছাই শুরু হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বাক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন এবং একটি সামুরাই।
এসআরবি ১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
