প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে দক্ষিণ কদমতলী নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়ে লেক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং একই পরিবারের মেয়ে সুরাইয়া (১২)। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। নিহত রাশেদুজ্জামান ছিলেন গালিব ও সুরাইয়ার ভগ্নিপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজনই সাঁতার জানতেন বলে স্থানীয়দের ধারণা। তারা গোসল করতে লেকে নামার পর সাঁতার কেটে ঘাটের নিচ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যান। পরে ফেরার সময় হঠাৎ ডুব দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর পানির উপরে ওঠেননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালানো অভিযানে প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও প্রায় এক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে উদ্ধার করা হয় শিশু সুরাইয়ার নিথর দেহ।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, লেকের পানিতে তিনজন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। বিকেল ৫টার দিকে দুইজন এবং ৬টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ভগ্নিপতি রাশেদুজ্জামান শ্যালক ও শ্যালিকাকে নিয়ে গোসলে আসেন। একপর্যায়ে তারা সবাই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনজনের এমন অকাল মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও হতবাক পরিস্থিতি বিরাজ করছে।
