রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সারাদেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য ৩০ দিনের সময়সীমা থাকলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথি প্রস্তুত, অনুবাদ এবং কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠাতে সক্ষম হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের কাজের গতি অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুততর। গত ১২ জুন আবুধাবির ফেডারেল এনসিবি ই-মেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানায় যে, বাংলাদেশের অনুরোধে জারি করা রেড নোটিশের ভিত্তিতে তারা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরবর্তী প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ করা হলেও আমরা মাত্র তিন দিনের মধ্যেই তা সম্পন্ন করেছি।

এছাড়া কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় চারটি পৃথক ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।