বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে নেওয়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের করা অভিযোগে নিজের মানহানি হয়েছে দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেছেন, তা না হলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।

বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, দুদকের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত দুটি অভিযোগের কোনোটির সঙ্গেই ব্যক্তিগতভাবে তাঁর সংশ্লিষ্টতা নেই। বিষয় দুটি সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য এবং সংশ্লিষ্ট কোনো ফাইল তাঁর কাছে আসেনি। এমনকি কোনো ফাইলেই তাঁর স্বাক্ষর নেই।

তিনি বলেন, ‘দুটি অভিযোগের কোনোটিতেই ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয়। এর মধ্যে একটি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে। আরেকটি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে।

দুদকের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মনে করছেন। দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে দমন-পীড়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দুদকের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান আসিফ মাহমুদ। দাবি পূরণ না হলে দুদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।