শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৮ বছরে বিএনপির মহাসচিব যারা, কে কতদিন ছিলেন

রওশন জাহান মিতু
আগস্ট ১৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন একাধিক নেতা। দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের দ্বিতীয় শীর্ষ সাংগঠনিক পদে কেউ ছিলেন মাত্র এক বছর, আবার কেউ দায়িত্ব সামলেছেন এক দশকেরও বেশি সময়। ঝানু রাজনীতিক থেকে হাইপ্রোফাইল ব্যক্তিত্ব—বিএনপির মহাসচিবের পদ অলংকৃত করেছেন বিভিন্ন সময়ের প্রভাবশালী নেতারা। দায়িত্ব পালন করতে গিয়ে কেউ পেয়েছেন সাফল্য ও স্বীকৃতি, আবার কারও রাজনৈতিক জীবনে নেমে এসেছে লাঞ্ছনা ও বিতর্ক।

তবে দীর্ঘস্থায়িত্বের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হন। ২০২৬ সালের আগস্টে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) মহাসচিবসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বিএনপির দ্বিতীয় শীর্ষস্থানীয় এই গুরুত্বপূর্ণ পদে কারা ছিলেন এবং কে কতদিন দায়িত্ব পালন করেছেন, তা নিয়ে এই প্রতিবেদন—

অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার সময় দলের প্রথম মহাসচিব করা হয় অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে। তিনি ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত প্রায় আট বছর এ দায়িত্বে ছিলেন। তার সময়ে বিএনপির চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া।

লে. কর্নেল মোস্তাফিজুর রহমান

বদরুদ্দোজা চৌধুরীর পর অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বিএনপির মহাসচিবের দায়িত্ব পান। ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রায় এক বছর তিনি এ পদে ছিলেন।

কে এম ওবায়দুর রহমান

মোস্তাফিজুর রহমানের পর ১৯৮৭ সালে মহাসচিব হন কে এম ওবায়দুর রহমান। সাবেক এই ছাত্রনেতার মেয়াদও খুব দীর্ঘ হয়নি। প্রায় এক বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি।

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার

১৯৮৮ সালে কে এম ওবায়দুর রহমানকে সরিয়ে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারকে মহাসচিব করা হয়। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় আট বছর এ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের পর মহাসচিবের দায়িত্ব হারান তিনি।

আবদুল মান্নান ভূঁইয়া

১৯৯৬ সালের জুনে বিএনপির মহাসচিবের দায়িত্ব পান আবদুল মান্নান ভূঁইয়া। এর আগে তিনি দলটির যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় ১১ বছর টানা মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি।

বিএনপির ইতিহাসে দীর্ঘ সময় মহাসচিব থাকা নেতাদের অন্যতম আবদুল মান্নান ভূঁইয়া। তবে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের সময় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

খোন্দকার দেলোয়ার হোসেন

দলের কঠিন সময়ে খোন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০০৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালের ১৬ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত প্রায় চার বছর তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব পদে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ পাঁচ বছর তিনি ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালের ৩০ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব করা হয়।

অর্থাৎ ২০১১ সালের মার্চ থেকে ২০২৬ সালের আগস্টে পদত্যাগের আগ পর্যন্ত প্রায় ১৫ বছর ৫ মাস তিনি কার্যত দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে প্রথম প্রায় পাঁচ বছর ছিলেন ভারপ্রাপ্ত এবং ২০১৬ সাল থেকে পূর্ণাঙ্গ মহাসচিব।

রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) মহাসচিবসহ বিএনপির সব পদ থেকে পদত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ এই অধ্যায়ের অবসান ঘটে।

বিএনপির মহাসচিবদের মেয়াদ

* এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী — ১৯৭৮–১৯৮৬, প্রায় ৮ বছর।

* মোস্তাফিজুর রহমান — ১৯৮৬–১৯৮৭, প্রায় ১ বছর।

* কে এম ওবায়দুর রহমান — ১৯৮৭–১৯৮৮, প্রায় ১ বছর।

* আবদুস সালাম তালুকদার — ১৯৮৮–১৯৯৬, প্রায় ৮ বছর।

* আবদুল মান্নান ভূঁইয়া — ১৯৯৬–২০০৭, প্রায় ১১ বছর।

* খোন্দকার দেলোয়ার হোসেন — ২০০৭–২০১১, প্রায় ৪ বছর।

* মির্জা ফখরুল ইসলাম আলমগীর — ২০১১–২০২৬, প্রায় ১৫ বছর ৫ মাস; প্রথমে ভারপ্রাপ্ত, ২০১৬ সাল থেকে পূর্ণাঙ্গ মহাসচিব।

সবচেয়ে দীর্ঘ সময় কার?

বিএনপির প্রায় ৪৮ বছরের ইতিহাসে মহাসচিব হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর ৫ মাস তিনি দলটির দ্বিতীয় শীর্ষস্থানীয় সাংগঠনিক পদে ছিলেন।

তার পরেই রয়েছেন আবদুল মান্নান ভূঁইয়া—প্রায় ১১ বছর। আর বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং আবদুস সালাম তালুকদার প্রায় আট বছর করে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ এই তালিকায় সময়ের হিসাবে মির্জা ফখরুলের অধ্যায়ই সবচেয়ে বিস্তৃত। ২০২৬ সালের আগস্টে তার পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব পদে প্রায় দেড় দশকের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।