রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অশ্রুসজল বিদায়, স্বপ্নভরা পথচলা—শ্রীপুরে দাখিল পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়ী আয়োজন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিলের পবিত্র আবহে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। রবিবার সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়াম হলরুমে আয়োজনটি যেন পরিণত হয় এক আবেগ, ভালোবাসা আর স্বপ্নময় বিদায়ের মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ মনির হোসাইন। সঞ্চালনায় ছিলেন শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম, সহকারী সুপার মাওলানা আবু তাহের এবং কুমিল্লা ইবনে তামিয়া স্কুলের শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মোঃ মনির হোসাইন বর্তমান সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, আজ আমরা এমন এক সময় পার করছি, যেখানে অনেক তরুণ ভুল পথে পা বাড়াচ্ছে। মাদক যেন ধীরে ধীরে তাদের ভবিষ্যৎ গ্রাস করছে। কিন্তু যারা আজ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তারাই একদিন সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই এখনই সময় নিজেকে গড়ে তোলার, শিক্ষার আলোয় আলোকিত হওয়ার।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত সমাজ গঠনের মাধ্যমেই সম্ভব একটি সুন্দর দেশ গড়া—আর সেই পথের প্রথম ধাপই হলো আন্তরিক অধ্যবসায় ও ভালো ফলাফল অর্জনের চেষ্টা।

বিদায়ের মুহূর্তে শিক্ষার্থীদের কণ্ঠে ভেসে ওঠে আবেগের ঢেউ। অশ্রুসজল নয়নে তারা বলে, “বিদায় শব্দটি বেদনাদায়ক হলেও এটি চিরবিদায় নয়—এ যেন নতুন স্বপ্নের পথে যাত্রা। ছোট ভাই-বোনদের বলি, যদি কখনো আমাদের কথায় কষ্ট পেয়ে থাকো, ক্ষমার দৃষ্টিতে দেখো। আবার দেখা হবে, হয়তো খেলার মাঠে, কিংবা জীবনের কোনো মোড়ে।

শিক্ষকদের উদ্দেশ্যে তাদের হৃদয়ছোঁয়া আবেদন—
আমরা হয়তো কখনো ভুল করেছি, অবাধ্য হয়েছি। আমাদের ক্ষমা করে দেবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারি।

অনুষ্ঠানের শেষভাগে যেন নীরবতা ভেঙে প্রতিধ্বনিত হয় কবির সেই চিরন্তন পঙক্তি—
“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়…”
এই বিদায় তাই শেষ নয়—এ এক নতুন সূচনা, স্বপ্নের ডানায় ভর করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। শ্রীপুরের এই বিদায়ী আয়োজন রেখে গেল ভালোবাসা, প্রেরণা আর অমলিন স্মৃতির এক অনন্য অধ্যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।