শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আনিসার স্কুলে যাওয়ার স্বপ্ন থামিয়ে দিল ঘাতক লাটাহাম্বা

মেহেরপুর জেলা প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঝরে গেল প্রথম শ্রেণির ছোট্ট আনিসার প্রাণ, আহাজারিতে ভারী করমদী গ্রাম: ফাইল ছবি সংগৃহীত

সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। ছোট্ট আনিসা হয়তো জানতই না, এদিনই হবে তার জীবনের শেষ সকাল। স্কুলে যাওয়ার বয়স, বই-খাতা আর শিশুসুলভ হাসিতে মুখর থাকার কথা ছিল যে মেয়েটির, সেই নিষ্পাপ শিশুর জীবন থেমে গেল এক বেপরোয়া বালুভর্তি লাটাহাম্বা ট্রলির চাকায়।

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী শাহাবুরপাড়ায় শনিবার সকাল ৯টার দিকে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। নিহত আনিসা (৭) করমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় বাসিন্দা মোঃ সাজেদুরের আদরের মেয়ে।

স্থানীয়দের ভাষ্য, সকালে রাস্তার অপর পাশে যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ছোট্ট আনিসা। ঠিক সেই সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তা দিয়ে অতিক্রম করছিল। অটোরিকশাটি চলে গেলে নিরাপদ ভেবে রাস্তা পার হতে যায় সে। কিন্তু মৃত্যুফাঁদ হয়ে ছুটে আসে দ্রুতগতির বালুভর্তি অবৈধ লাটাহাম্বা ট্রলি। মুহূর্তের মধ্যেই ট্রলির চাকায় পিষ্ট হয় নিষ্পাপ শিশুটি।

চোখের সামনে এমন বিভীষিকাময় দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সব শেষ। রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে সড়কে, আর চারদিকে ভেসে ওঠে স্বজনদের বুকফাটা কান্না। মায়ের আহাজারি আর বাবার নির্বাক চাহনি যেন পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে ট্রলিটি আটক করেন এবং চালক ছাব্বুরকে পাকড়াও করেন। জানা গেছে, ট্রলিটির মালিক মোঃ ছামাদ হোসেন। চালক ছাব্বুরের বাড়ি বামুন্দী এলাকায় এবং তার পিতার নাম মোঃ জয়নাল হোসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ বালুবাহী লাটাহাম্বা ট্রলি বেপরোয়া গতিতে চলাচল করছে। শিশু, বৃদ্ধ কিংবা সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে সেই অব্যবস্থাপনার নির্মম বলি হলো ছোট্ট আনিসা।

করমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীদের সঙ্গে হাসিখুশি ক্লাস করা মেয়েটির বেঞ্চ আজ শূন্য। শিক্ষক ও এলাকাবাসীর চোখেও অশ্রু।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি ছোট্ট প্রাণের এমন করুণ বিদায় যেন আবারও প্রশ্ন ছুড়ে দিল—আর কত প্রাণ ঝরলে থামবে অবৈধ ও বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্য?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।