যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আক্রমণের পরিধি আরও বিস্তৃত করা হবে বলে সতর্ক করেছে ইরান। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বরাতে প্ৰকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় সামরিক হামলা শুরু করলে ইরান তার পাল্টা আক্রমণ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামো পর্যন্ত বিস্তৃত করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা প্রকাশ্য বক্তব্য এবং গোপন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক দেশ ও মধ্যস্থতাকারীদের সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে শুধু অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই নয়, আরও বিস্তৃত পরিসরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হতে পারে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দর, পাইপলাইন এবং জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোও থাকতে পারে। — পার্সটুডে
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে। মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের ধারণা, সংরক্ষিত যন্ত্রাংশ এবং ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহার করে তেহরান সীমিত পরিসরে হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে।
প্রতিবেদনের একাংশে মার্কিন সংবাদপত্রটি উল্লেখ করেছে, কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে ইরানের হুমকিকে নিছক কথার কথা হিসেবে দেখা উচিত নয়। কারণ, আঞ্চলিক জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোতে গুরুতর ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা এখনো তেহরানের রয়েছে।
