বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: পটুয়াখালীতে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হলো জনকল্যাণের বড় অগ্রগতি

পটুয়াখালী প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রচার জোরদার করার লক্ষ্যে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ মে, ২০২৬) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনি ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় বর্তমানে দেশের ১৪টি এলাকার ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পটুয়াখালী জেলাতেও এই সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ডিজিটাল স্মার্ট কৃষক কার্ড’ চালুর বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ১০ ধরনের বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে— সুলভ মূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি, সহজ শর্তে কৃষিঋণ, সরাসরি সরকারি ভর্তুকি গ্রহণ এবং আবহাওয়া ও বাজারদর সংক্রান্ত তাৎক্ষণিক তথ্যপ্রাপ্তি।

এছাড়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। এ উদ্যোগের মাধ্যমে সারা দেশের প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ‘এক কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের অংশ হিসেবে গত এপ্রিল মাস থেকে দেশব্যাপী জরিপ ও খনন কার্যক্রমও শুরু হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

সভায় আরও জানানো হয়, জেলা তথ্য অফিস পটুয়াখালী গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে ১৫০টি ভিডিও প্রদর্শনী, ১০টি উঠান বৈঠক এবং ৭০টি অনলাইন প্রচারণা। বক্তারা বলেন, সরকারের জনমুখী উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. শাহাদাত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এস এম শাহজাদা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম এবং পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ