শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পথে মর্মান্তিক ট্র্যাজেডি: পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন বাবা-ছেলে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। শ্বশুরবাড়ির পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন জাহাঙ্গীর ও রুহান ছবি: সংগৃহীত

ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শ্বশুরবাড়ির পথে রওনা দিয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু গন্তব্যে পৌঁছানো আর হলো না। সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে এবং তার আড়াই বছর বয়সী শিশুপুত্র রুহানকে। মুহূর্তেই আনন্দের যাত্রা পরিণত হলো শোকের মাতমে।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার আওতাধীন ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর আমতলা এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জাহাঙ্গীর (৩১) ও তার আড়াই বছর বয়সী ছেলে রুহান (রোহান)। দুর্ঘটনার আঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বসবাসকারী জাহাঙ্গীর ঈদুল আজহা উপলক্ষে পরিবার নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। পথিমধ্যে আলালপুর আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। পিকআপ চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।