উত্তল সাগরের ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা বরগুনার পাথরঘাটার ১৪ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারের মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছ শিকারের উদ্দেশ্যে তিন দিন আগে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে রওনা হয় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে হঠাৎ উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি। একপর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ডুবে যাওয়া ট্রলারের কিছু অংশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ট্রলারটির মালিকপক্ষকে জানান। তবে ট্রলারে থাকা ১৪ জেলের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ ১৪ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। স্বজনদের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধারে সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উত্তাল সাগরের বৈরী পরিস্থিতির মধ্যেও নিখোঁজ জেলেদের জীবিত উদ্ধারের আশায় অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
