শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলএ শাখায় হঠাৎ মোবাইল কোর্টের হানা! দালাল সন্দেহে আটক সিদ্দিক, জরিমানা-কারাদণ্ডে জেলহাজতে

অপূর্ব সরকার
জুন ৫, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ক্ষতিপূরণের টাকার খেলায় কড়া বার্তা, এলএ শাখা থেকে আটক সিদ্দিক জেলে। ফাইল ছবি সংগৃহীত

পটুয়াখালীর ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের অর্থ উত্তোলন প্রক্রিয়াকে ঘিরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে এলএ শাখায় পরিচালিত হয় আকস্মিক মোবাইল কোর্ট অভিযান।

অভিযান চলাকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড এলাকার বাসিন্দা সিদ্দিক মৃধাকে সার্ভেয়ারদের কক্ষে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। সরকারি অফিস চলাকালীন সময়ে সেখানে তার উপস্থিতির কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমি অধিগ্রহণসহ সরকারি সেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর ২০২৫ সালে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজস্ব প্রশাসনে গতি, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। সাম্প্রতিক এই অভিযানকে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে দালালমুক্ত পরিবেশ গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।