বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির প্রকল্প পরিচালক আতিকুলের বিরুদ্ধে অভিযোগে মেলেনি সত্যতা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিবিড় অনুসন্ধানে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ অসংগত ও ভিত্তিহীন বলে প্রতীয়মান। ফাইল ছবি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘রিভার’ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ইঞ্জিনিয়ার আতিকুলের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগের বিষয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তি ও পক্ষগুলোর সঙ্গে সরাসরি কথা বলা এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা গেছে, অভিযোগটির পেছনে নির্ভরযোগ্য কোনো দাপ্তরিক, আইনি কিংবা বাস্তব প্রমাণ নেই।

সম্প্রতি একটি সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ইঞ্জিনিয়ার আতিকুলের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে প্রশাসনিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকাশিত তথ্যগুলো পুনরায় যাচাই করা হয়।

দ্বিতীয় দফার অনুসন্ধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, প্রাসঙ্গিক তথ্য ও অভিযোগের ভিত্তি পর্যালোচনা করে দেখা যায়, পূর্বে প্রকাশিত অভিযোগের সঙ্গে বাস্তব তথ্যের সামঞ্জস্য নেই। বরং তথ্যের ভুল ব্যাখ্যা, অসম্পূর্ণ যাচাই এবং প্রেক্ষাপটের ঘাটতির কারণে বিষয়টি বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে।

একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সুনাম ও পেশাগত মর্যাদা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত। তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে পর্যাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করা দায়িত্বশীল সাংবাদিকতার অপরিহার্য অংশ।

এই নীতিগত অবস্থান থেকেই পূর্বে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের বিষয়ে এই স্পষ্টীকরণ ও সংশোধনী প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা, তথ্যের বহুমাত্রিক যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে যথাযথ গুরুত্ব দেওয়ার মাধ্যমে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।