নাজিরারটেক মোহনায় প্রাণে বাঁচলেন পরিবারের ৩ সদস্য, নিখোঁজ আলবার্টকে উদ্ধারে তৎপরতা। ছবি : পুলিশের সৌজন্যে
কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যের মধ্যে একজন নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের তৎপরতায় পরিবারের অপর তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক মোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া তিনজন হলেন—জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।
নিজেদের তৈরি নৌকায় ভ্রমণ, মুহূর্তেই দুর্ঘটনা
ওসি মোহাম্মদ আলী জানান, নিউজিল্যান্ডের ওই চার নাগরিক নিজেদের তৈরি একটি নৌকায় নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাবশত নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিনজনকে পরে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।
তবে পরিবারের সদস্য প্রতিবন্ধী কিশোর আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
ফায়ার সার্ভিসের বিশেষ দল, চলছে তল্লাশি
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিখোঁজ কিশোরকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নাজিরারটেক মোহনায় নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ একজনকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরাও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
বঙ্গোপসাগরের মোহনায় নিখোঁজ কিশোর আলবার্টকে জীবিত উদ্ধারের আশায় অভিযান অব্যাহত রয়েছে।
