শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কার ফোনে বাসা থেকে বের হয়ে যান তাহসিফ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর বরখাস্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির লাশ ভেসে উঠেছে তুরাগ নদে। মঙ্গলবার রাত থেকে উধাও থাকার পর দিন বুধবার (২৯ অক্টোবর) বিকালে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

তাহসিফ নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জুনিয়র এক সহকর্মীর ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন। যাওয়ার আগে মাকে বলেছিলেন, একটু কথা বলে ফিরে আসবেন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো মেসেজ পাঠান, ‘আম্মু, আমি আসছি।

পরদিন সন্ধ্যার আগেই পরিবার খবর পায়, রাজধানীর উত্তরার রাজাবাড়ী ঘাট সংলগ্ন নদ থেকে উদ্ধার করা হয়েছে তার নিথর দেহ। এসব তথ্য জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনায়েতুল করিম হেলাল গণমাধ্যমকে বলেন, নিখোঁজ হওয়ার দিন প্রায় সারা দিন মায়ের সঙ্গে ছিলেন তাহসিফ। মা-বাবার জন্য কেনাকাটাও করেছিলেন। সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়র বাসার নিচ থেকে ডাকলে মাকে বলে বাইরে যান তিনি। এরপর পরিবারের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। ছেলের মা অনেকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি। রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে একটি মেসেজ আসে। তাতে সে বাসায় ফিরছে বলে জানায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পুলিশ তখন তাকে আশ্বস্ত করে জানায়- খারাপ কোনো খবর নেই। তবে ওই দিন বিকাল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর নদীতে লাশ পাওয়ার খবর দেন।

তাহসিফের বাবা বলেন, রাজাবাড়ীর ঘাটে লাশ পাওয়া যায়। সেখানে যেতে আটিপাড়া হয়ে যেতে হয়। ওই এলাকায় তার ছেলে কখনো গেছেন বলে তার জানা নেই। কারা বা কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি।

বিমানবাহিনী থেকে তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে তার বাবা বলেন, শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা পরিবারকে জানানো হয়েছিল। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের ভিডিও শেয়ার করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল কিনা, সে বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি। বিষয়টি তাহসিফের বিভাগই নিশ্চিত করতে পারবে। বিভাগ থেকে শুধু জানানো হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চাকরি হারানোর পর তাহসিফ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন বলেও জানান তার বাবা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজের পর সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করছিলেন তিনি।

ছেলেকে তাহসিফের বাবা বলেন, ছেলে অত্যন্ত ভদ্র ও সামাজিক ছিল। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। নিজের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি বা হুমকির বার্তা পরিবারকে জানাননি তাহসিফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।