আবরার ফাহাদের কবর জিয়ারত ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা। ছবি: সমতল মাতৃভূমি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন—স্টার নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি মিজানুর রহমান নয়ন এবং মোহনা টিভির ক্যামেরাপারসন মোমিন হোসেন।
এক প্রতিবাদ বার্তায় সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্ব পালনকালে তাঁদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য কিংবা রাজনৈতিক বিরোধের কারণে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মো. আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য। তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
