নির্জন পাহাড়ে ডেকে নেওয়ার অভিযোগ—প্রেমিকসহ ৫ যুবকের বিরুদ্ধে অভিযোগ, চারজনকে ধরতে পুলিশের অভিযান। ফাইল ছবি
কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার পাইকটা এলাকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে।
পরে সিয়াম ওই কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে আগে থেকেই তার আরও চার বন্ধু অপেক্ষা করছিলেন। অভিযোগ রয়েছে, সেখানে একজন পাহারায় থাকলেও প্রেমিকসহ অন্যরা রাতভর পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।
রোববার ভোরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই কিশোরী স্থানীয়দের কাছে ঘটনার বিষয়টি জানায়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে একজন আটক হন। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।
আটক যুবকের নাম মো. সাকিব (২০)। তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ঘটনাটি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, বাকি চারজনকে গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। কিশোরীর মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
ঘটনার প্রকৃত রহস্য ও অভিযোগের সত্যতা তদন্ত এবং মেডিকেল পরীক্ষার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
