বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় এক ঘণ্টার ব্যবধানে এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন

এস এম বাদল
অক্টোবর ৭, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শিশু, নারী-পুরুষসহ আহতদের ভিড় হাসপাতালে; ২৭ জনকে ভ্যাকসিন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী শহরে এক ঘণ্টার ব্যবধানে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর হামলা চালিয়ে কামড়াতে থাকে কুকুরটি। আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসায় রাতেই জরুরি বিভাগে তৈরি হয় ভিড় ও আতঙ্কের পরিবেশ। আহতদের অনেকের শরীরেই রয়েছে বড় ধরনের কামড় ও আঁচড়ের ক্ষত।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর একটি কালো রঙের কুকুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের কামড়াতে থাকে। একের পর এক মানুষ আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুকুরটিকে সর্বশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কেউ কুকুরের কামড় ও আঁচড়ের ক্ষত সাবান-পানি দিয়ে পরিষ্কার করছেন, আবার কাউকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। জরুরি বিভাগের সামনে রোগী ও স্বজনদের ভিড় জমে যায়।

হলবাজার এলাকার বাসিন্দা মো. রোকনুজ্জামান বলেন, সেখানে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি কালো কুকুর এসে তাকে কামড় দিয়ে চলে যায়। এতে তাঁর পায়ে ক্ষত হয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ভ্যাকসিন দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, সন্ধ্যায় হাসপাতালে এসে বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে লোকজনকে আসতে দেখেছেন। দ্রুত কুকুরটিকে শনাক্ত করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

চড়াইকোলের হয়তাপাড়া এলাকার আফজাল হোসেন রাত ৮টার দিকে হাসপাতালে আসেন। তিনি জানান, নামাজ পড়ে বাইরে আসার সময় একটি কালো কুকুর তাকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক তাকে পরদিন হাসপাতালে আসতে বলেছেন।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

এক ঘণ্টার ব্যবধানে একই কুকুরের কামড়ে ৩৩ জন আহত হওয়ার ঘটনায় কুমারখালী শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুকুরটিকে দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে এনে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।