মানববন্ধনকারীদের ফাইল ছবি
পোলট্রি শিল্পে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণের দাবিতে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার পোলট্রি খামারি ও ব্যবসায়ীরা। পোলট্রি ফিড ও বাচ্চার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং খামারিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন কুষ্টিয়া জেলার পোলট্রি খামারি ও ব্যবসায়ীদের পক্ষে পোলট্রি অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া-এর সভাপতি মো. ইমাম উদ্দিন।
আবেদনে বলা হয়, স্থানীয় বাজারে সাম্প্রতিক সময়ে পোলট্রি ফিড ও বাচ্চার (মুরগির খাদ্য ও একদিন বয়সী বাচ্চা) মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় প্রান্তিক খামারিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেক খামারি ঋণের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছেন এবং কেউ কেউ খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
খামারিদের অভিযোগ, একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সমন্বয় না থাকায় তাদের লোকসান আরও বাড়ছে। এর ফলে পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত হাজারো খামারি ও ব্যবসায়ী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আবেদনে আরও বলা হয়, পোলট্রি ফিড ও বাচ্চার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার মনিটরিং জোরদারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কখন, কোথায় মানববন্ধন?
আবেদন অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা ডিসি কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা চাওয়া হয়েছে।
খামারি ও ব্যবসায়ীদের দাবি—পোলট্রি ফিড ও বাচ্চার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ, বাজারে জোরদার মনিটরিং এবং খামারিদের স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
খামারিদের ভাষ্য, দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পোলট্রি শিল্পে সংকট আরও গভীর হতে পারে। ফলে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের কাছে তাদের দাবি কতটা গুরুত্ব পায়, এখন সেটিই দেখার বিষয়।
উল্লেখ্য, মানববন্ধনকারীদের দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন,এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্যবসায়ীরা।
