মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার বালিয়াপাড়া পশুহাটে যৌথ বাহিনীর ঝটিকা অভিযান অতিরিক্ত টাকা আদায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

এস এম বাদল
মে ১৮, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া পশুহাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সমন্বয়ে র‍্যাব ও পুলিশের একটি যৌথ টিম হাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে হাটে গরু ও অন্যান্য পশু কেনাবেচায় সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইজারাদার প্রতিনিধি ও অর্থ আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একটি মামলায় ২শত টাকা অর্থদণ্ড আদায় করেন।

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ফি আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এদিকে হাটে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাদের দাবি, নিয়মিত নজরদারি থাকলে পশুহাটে অনিয়ম ও চাঁদাবাজি অনেকটাই কমে আসবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় জেলার বিভিন্ন পশুহাটে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।