কুষ্টিয়ার সাংবাদিকতা, সামাজিক নেতৃত্ব ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হামিদুর রহমান হামিদ (৭০) আর আমাদের মাঝে নেই। শনিবার (৩০ মে) সকাল সোয়া ১০টার দিকে শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
প্রয়াত হামিদুর রহমান হামিদ কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক রবি বার্তা পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নিউজ টুডে পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। সংবাদপেশার প্রতি তাঁর একনিষ্ঠতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে সাংবাদিক মহলে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন তৎকালীন ক্ষমতাসীন জাতীয় পার্টির (এরশাদ) জেলা পর্যায়ের একজন জনপ্রিয় ও তুখোড় রাজনৈতিক নেতা। সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ। তিনি কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া শহর বিএনপির সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান হেলালের সহোদর ভাই ছিলেন।
ব্যক্তিজীবনে হামিদুর রহমান ছিলেন অত্যন্ত সদালাপী, বন্ধুবৎসল ও পরোপকারী। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো ছিল তাঁর সহজাত অভ্যাস। তাঁর প্রস্থান শুধু একটি পরিবারের নয়, কুষ্টিয়ার সাংবাদিক ও সামাজিক অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁর বড় মেয়ে হানি জাপান প্রবাসী, মেজ মেয়ে হেমা কর্মজীবী, সেজ মেয়ে জাকিয়া কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং ছোট মেয়ে জেবা নবম শ্রেণির ছাত্রী। চার কন্যাকে রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
আজ শনিবার বাদ আসর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শোক ও শ্রদ্ধাঞ্জলি
হামিদুর রহমান হামিদের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনরা স্মরণ করছেন একজন সৎ, নিরহংকার, মানবিক এবং সাহসী সাংবাদিককে।
আমরা হারালাম সাংবাদিকতার এক নিবেদিতপ্রাণ সৈনিককে। কুষ্টিয়ার সংবাদজগতের অনেক পরিচিত মুখের মতো তিনিও আজ স্মৃতির পাতায় স্থান করে নিলেন। তাঁর কর্ম, সততা ও মানবিকতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা— মরহুম হামিদুর রহমান হামিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করুন।
আমিন।
