সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে, সাংবাদিকদের নিয়ে মন্তব্য ‘অসাবধানতাবশত’: পুলিশ হেডকোয়ার্টার্স

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আইজিপির বক্তব্য নিয়ে বিভ্রান্তি নিরসনে পুলিশের ব্যাখ্যা প্রকাশ • বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করা হয়নি • চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ সদস্য। পুলিশ হেডকোয়ার্টার

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। ‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং সাংবাদিকদের সম্পর্কে মন্তব্যটি অসাবধানতাবশত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, আইজিপি মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে তাঁর বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের অর্থে ব্যবহার করা হয়নি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। সংস্থাটির ভাষ্য, সাংবাদিকদের সম্পর্কে তিনি ঢালাও কোনো মন্তব্য করতে চাননি; বক্তব্যটি অসাবধানতাবশত হয়েছে।

‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিষয়টি স্পষ্ট করা এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী ও আইন অমান্যকারীদের সরাসরি প্রতিরোধ এবং আক্রমণের মুখোমুখি হতে হয়।

১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স আরও বলেছে, দেশের প্রচলিত আইন—বিশেষ করে দণ্ডবিধি, ১৮৬০; ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; এবং পুলিশ অ্যাক্ট, ১৮৬১—পুলিশের আত্মরক্ষার অধিকারের বিষয়টি স্বীকার করে।

মানবাধিকার ও আইনের শাসনে অঙ্গীকার

সংবাদ বিজ্ঞপ্তির শেষাংশে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তির প্রাথমিক ভাষ্যে ‘ক্রসফায়ার’ শব্দটি ‘আক্ষরিক’ অর্থে ব্যবহারের কথা উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করে ‘রূপক’ অর্থে ব্যবহারের কথা জানানো হয়। ফলে সংশোধিত ব্যাখ্যায় আইজিপির বক্তব্যের অর্থ স্পষ্ট করার পাশাপাশি সাংবাদিকদের নিয়ে মন্তব্যের বিষয়টিও ব্যাখ্যা করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।