শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ভয়াবহ বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ২; মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও অনেকে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ওভারটেক করার সময় ঈগল পরিবহনের একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়

ঈদের ছুটির ব্যস্ত সড়কে আবারও ঝরল প্রাণ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন, আর আহতের সংখ্যা ২৫ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় বিভীষিকাময় দৃশ্যে। দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনা থেকে ভেসে আসে আহতদের আর্তনাদ। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠায়।

নুরুল আলম আশেক জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে শাহিনুর আলম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

দুর্ঘটনার পর সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঈগল পরিবহনের বাসটি

রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে কর্ণফুলী থানার উপপরিদর্শক পরিতোষ জানান, অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহন-এর একটি বাসের সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।