বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চরাঞ্চলের দুর্যোগ ঝুঁকি হ্রাসে ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ রৌমারীতে উপজেলা পর্যায়ে প্রকল্প সূচনা কর্মশালা অনুষ্ঠিত

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী দ্বীপ (চর) এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে রৌমারীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের প্রকল্প সূচনা কর্মশালা। সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে “বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী দ্বীপ (চর) এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস” শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
“Community-Based Program for Disaster Risk Reduction in the Northern Riverine Islands (Chars) of Bangladesh” শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা এলজিইডি কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী, রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজ্জাক আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়াও কর্মশালায় অংশ নেন সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, এফডিএমসি প্রতিনিধি, বন্যা স্বেচ্ছাসেবক প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি এবং ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জনাব উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক (জিজি) মোঃ আহসান হাবিব, ফাইন্যান্স অফিসার মোঃ মারুফ চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার মোঃ খায়রুল ইসলাম।

সূচনা বক্তব্যে ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল দিও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে বলেন, চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

পরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে গৃহীত পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এতে চরাঞ্চলে ফ্রেন্ডশিপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, মানবিক কার্যক্রম এবং জনগোষ্ঠীর উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্রভিত্তিক উপস্থাপনাও অংশগ্রহণকারীদের মাঝে আগ্রহ সৃষ্টি করে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত, প্রশ্ন ও সুপারিশ তুলে ধরেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন বলেন, দুর্যোগ মোকাবিলায় অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী বলেন, “ফ্রেন্ডশিপ দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে। ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ফলে উদ্যোগগুলো আরও কার্যকর হচ্ছে।

কর্মশালায় উপস্থিত ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, কমিউনিটি প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

সবশেষে উপস্থিত অতিথি, প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।