ফাইল ছবি
চাঁদপুর সফরে যাওয়ার পথে আজ শনিবার কুমিল্লার বরুড়ায় এক সংক্ষিপ্ত পথসভায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। আর সেই পথসভাকে ঘিরেই সকাল থেকেই কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠ এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো বিএনপি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সভাস্থল পরিণত হয়েছে জনসমুদ্রে।
দুপুর সোয়া ১২টার পর প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এর আগেই দাউদকান্দি থেকে শুরু করে পুরো সড়কজুড়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এমপিদের অনুসারী নেতাকর্মীদের সারিবদ্ধ অবস্থান দেখা গেছে। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।
হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর বহর ইতোমধ্যে মহাসড়কের ময়নামতি এলাকা অতিক্রম করেছে। ফলে সভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া জানান, পথসভাটি গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন জাকারিয়া তাহের সুমন। এছাড়া দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাও ইতোমধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন।
তিনি আরও বলেন, সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ এলাকার উন্নয়নসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হতে পারে।
