শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে রক্তাক্ত রাতে পান ব্যবসায়ী নয়ন হত্যা স্ত্রী’র মামলার পর অভিযানে ২ আসামি গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর পান ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়ন হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী তাছলিমা আক্তারের দায়ের করা হত্যা মামলার ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নিহতের পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা নাসির আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরী ওরফে সোহেল এবং খোরশেদ আলম চৌধুরী ওরফে টিটু।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দক্ষিণ বেতিয়ারা গ্রামের পান ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়ন (৩৫)। পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একপর্যায়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে চৌদ্দগ্রাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটন ও অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।