খুলনার রূপসায় চায়ের দোকানের বেঞ্চে বসে আড্ডার সময় দুর্বৃত্তদের গুলি। প্রতীকী ছবি
খুলনার রূপসা উপজেলায় ছেলেকে হত্যার মাত্র ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আক্তার ঢালীর (৫৫) ছেলে জয় ঢালীকে (২৭) গত ১৫ আগস্ট গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ৫০তম দিনে এবার গুলিতে প্রাণ গেল বাবারও।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে আক্তার ঢালী মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। কী কারণে এবং কারা তাঁকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
৫০ দিন আগে খুন হন ছেলে জয়
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ছেলে হত্যার ঘটনায় মামলা চলার মধ্যেই এবার বাবাকেও একইভাবে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
রূপসায় ১২ হত্যাকাণ্ড
প্রসঙ্গত, চলতি বছর খুলনা জেলার ৯টি থানায় ৩৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে রূপসা উপজেলাতেই ঘটেছে ১২টি হত্যাকাণ্ড।
