বরগুনা সদর উপজেলার লাবনগোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে নির্মমভাবে মারধর ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে আলম খলিফা ও তার দুই ছেলে রুবেল খলিফা এবং মাহাতাব খলিফার বিরুদ্ধে।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাদের বাড়িতে হঠাৎ হামলা চালিয়ে তার জামাইকে বেধড়ক মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জামাইকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে চালানো হয় বর্বর নির্যাতন। এতে তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত বরগুনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, এ ঘটনা পরিকল্পিত এবং পূর্ব শত্রুতার জেরেই ঘটানো হয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রেখে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, এমন নৃশংস ঘটনার বিচার না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি প্রয়োজনে অন্যথায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এতে সমাজের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, এমনটাই আশঙ্কা করছেন নেটিজেনরা।
