ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেউদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিন ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল থানার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)।
দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন রানা। তারা দুজনই গেউদ্দার বাজার এলাকায় ভাড়া থাকতেন।
ভবনের মালিক শাহাবুদ্দিন ব্যাপারী জানান, নির্মাণ কাজের জন্য তিনি মোহাম্মদ ফারুক নামে এক ঠিকাদারকে দায়িত্ব দেন। তার অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। শুক্রবার দুপুরে পানির ট্যাংক পরিষ্কার করতে প্রথমে দেলোয়ার ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে রানা নিচে নামেন। এরপরই ভেতর থেকে চিৎকার শোনা যায়।
এ সময় বাড়ির মালিকের দুই ছেলে নিচে নামতে চাইলে স্থানীয়রা তাদের বাধা দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
