চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খানহাট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দুপুর দেড়টার দিকে পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন অতিক্রম করে খানহাট এলাকায় পৌঁছালে লাইনের পাশ ঘেঁষে পার্কিং করা মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঘষা লাগে। এতে ট্রেনের কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে জিআরপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার।
এদিকে রেলওয়ে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খানহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় একটি মাছবোঝাই মিনি ট্রাক রেললাইনের খুব কাছাকাছি রেখে মাছ আনলোড করা হচ্ছিল। এ সময় পর্যটক এক্সপ্রেসের সঙ্গে ট্রাকটির ঘষা লাগে। এতে ট্রেনের প্রায় ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, দরজাগুলো সম্পূর্ণ খুলে পড়েছে কিনা তা ট্রেনটি ডিপোতে ফিরে আসার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
