শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু আড়াই মাসে মৃত্যু ৩০ কারাবন্দির

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আরও এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তাঁর নাম মজিদ আলী (৬৮)। বুধবার রাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে প্রায় আড়াই মাসে ঢাকায় অন্তত ৩০ কারাবন্দির মৃত্যু হলো।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, অচেতন অবস্থায় রাত ১টার দিকে মজিদ আলীকে হাসপাতালে আনা হয়। তিনি কোন মামলায় বন্দি ছিলেন সেটি জানাননি কারারক্ষীরা। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে চলতি মাসে ঢাকায় অন্তত চার কারাবন্দির মৃত্যু হলো। এর আগে ৮ নভেম্বর মো. সোহাগ, ৭ নভেম্বর মো. শামীম ও ৩ নভেম্বর জাকির হোসেন মারা যান। এর আগের দুই মাসে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ কারাবন্দির মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, অক্টোবরে মারা গেছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে ১ অক্টোবর শাহিন আলম, ৪ অক্টোবর মো. সুজন, ৫ অক্টোবর জাকারিয়া মোল্লা, ৬ অক্টোবর এ কে শ্যামল খান, ১২ অক্টোবর আকাশ বিশ্বাস, ১৪ অক্টোবর ইয়াসিন আরাফাত, ২৪ অক্টোবর রফিকুল ইসলাম ও মেহেদী হাসান কাজী, ২৫ অক্টোবর রাতে আরিয়ান আহমেদ ইমরান এবং ৩১ অক্টোবর সকালে মো. ইসমাইলের মৃত্যু হয়। আর সেপ্টেম্বর মাসে ঢাকায় ১৬ কারাবন্দি অসুস্থ হয়ে মারা যান।

কারা অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারাদেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং চলতি বছরে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ২৫১ জন বন্দির মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।